ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ৫টি স্থানকে করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারসহ রাজধানীর ৫টি স্থানকে করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় বঙ্গবন্ধু মেডিকেলের টিকা কেন্দ্রে পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানিয়েছেন।


স্বাস্থ্য সচিব বলেন, আমাদের ফিল্ড হাসপাতাল বড় আঙ্গিকে শুরু হবে। আমরা আশা করি স্বল্পতম সময়ের মধ্যে ঢাকায় আমরা এটি চালু করব। এই মুহূর্তে আমাদের ঢাকায় ফিল্ড হাসপাতালের প্রয়োজন নেই, তবুও আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখছি।


আইসিইউ সংকট প্রসঙ্গে লোকমান হোসেন বলেন, এই মুহূর্তে আমাদের আইসিইউ সংকট নেই। রাজধানীতে আমাদের যে কোভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলো রয়েছে, অধিকাংশতেই পর্যাপ্ত আইসিইউ রয়েছে। আমাদের ডিএনসিসি তো দেশের সবচেয়ে বড় কোভিড ডেডিকেটেড হাসপাতাল, এখানে সর্বোচ্চ সংখ্যক আইসিইউ রয়েছে।


এর আগে গত বুধবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল, করোনায় রোগী শনাক্তের ঊর্ধ্বগতিতে প্রয়োজনে ফিল্ড হাসপাতাল করা হবে।একইসঙ্গে করোনা ডেডিকেটেড হাসপাতালের শয্যা বাড়ানো ও জনবল পুনর্বণ্টন করা হচ্ছে।


অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, আমাদের যেসব হাসপাতালে করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে, সেই হাসপাতালগুলোতে কীভাবে শয্যার সংখ্যা বাড়ানো যায়, জনবল কীভাবে পুনর্বণ্টন করা যায়, আমরা সেদিকে মনোযোগ দিয়েছি। এর বাইরে ফিল্ড হাসপাতাল করা যায় কি না, সে বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। প্রয়োজন হলে ফিল্ড হাসপাতাল করব।

ads
ads
ads

Our Facebook Page